চাঁপাইনবাবগঞ্জ: জেলায় ফুটপাতের দোকানে পেঁয়াজু খেয়ে নয়জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পেঁয়াজু কিনে খায় তারা। এতে নয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়। গুরুতর অসুস্থ বাকি সাতজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, খাদ্যে ভেজাল থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। অসুস্থ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।