Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পত্রিকা অফিস ভাঙচুর সহ্য করা হবে না: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২১:১৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২৩:৩২

নাহিদ ইসলাম, তথ্য উপদেষ্টা

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না। এই ধরনের ঘটনা আর ঘটলে সহ্য করা হবে না।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে। গতকালও এরকম উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে। আজ রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চট্টগ্রাম ও বাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরে ঘটলে তা সহ্য করা হবে না।’

ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করে তথ্য নাহিদ ইসরাম বলেন, ‘আমাদের আহ্বান থাকবে, ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তারা আইনগত পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাব, কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যেন জনগণ অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ থেকে যেন আমরা বিরত থাকি।’

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো