Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইনজীবী আলিফ খুন, আরও ৪ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২০:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের মামলার আরও চার জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম তৃতীয় মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালত এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া চারজন হলেন- রিপন দাস, বিশাল দাস, আমান দাস এবং রাজীব ভট্টাচার্য্য। এদের মধ্যে রিপন দাসের পাঁচদিন ও বাকিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন সারাবাংলাকে জানান, আইনজীবী খুনের ঘটনায় চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একজনের পাঁচ দিন ও বাকিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন-চিন্ময়ের জন্য পুলিশের ওপর হামলা, ৮ আসামি রিমান্ডে

এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। প্রায় তিনঘণ্টা আটকে থাকার পর একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী সমিতি এ হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে আসছে। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

সারাবাংলা/আইসি/ইআ