ঢাকা: জনগণের আস্থা নিয়ে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য ও দলটির নেতারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেন।
বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ডা. ফরহাদ হালিম ডোনার এ সময় উপস্থিত ছিলেন।
আমানউল্লাহ আমান জানান, দলের সঙ্গে জনগণের এবং সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন নির্মাণ করাই এখন তাদের দায়িত্ব। জনগণকে সঙ্গে নিয়ে সরকার ও দলকে সহযোগিতা করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। প্রধানমন্ত্রী যে কর্মসূচি দিয়েছেন, তা বাস্তবায়নে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, দায়িত্বশীলতার সঙ্গে সেটিকে আরও এগিয়ে নিতে হবে।’
অন্যদিকে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করেছেন এবং পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াও নানা প্রতিকূলতার মধ্যেও দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। কৃষকের ঋণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। আগামী দিনে এসব কার্যক্রম আরও এগিয়ে নেওয়া হবে।’
সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অতীতে বিরোধী দলের ওপর নানা ধরনের অত্যাচার-নির্যাতন হলেও দলের নেতৃত্ব এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। বর্তমান প্রধানমন্ত্রীও বিরোধী দল বা কোনো রাজনৈতিক পক্ষকে নিয়ে অশালীন বক্তব্য না দিয়ে রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিচ্ছেন।’
দেশের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে ডা. ডোনা বলেন, ‘যেখানে যে সমস্যা দেখা দিচ্ছে, সরকার তা সমাধানের চেষ্টা করছে। বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছেন।’
তিনি বলেন, ‘জনগণের জন্য কাজ করার যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে।’ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, হাবিবুন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আমিরুজ্জামান শিমুল প্রমুখ।