ঢাকা: মুসলমানদের ভেঙে দেওয়া বাড়ি পুনঃনির্মাণ করে না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শুক্রবার (২০ ডিসেম্বর) কল্যাণপুর ও শাহ আলী থানা এলাকায় আয়োজিত পৃথক দুটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ভারত সরকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তার বড় উদাহরণ নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই ভারতীয় মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে ফেলা। ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে। শুনানির দিন বারবার পিছিয়ে দিয়ে, বাড়ির মালিকদের বক্তব্য উপস্থাপনের সুযোগ না দিয়ে বসত-ঘর ভেঙে দেওয়া অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’
‘ভারত সরকার মুসলমানদের ভেঙে দেওয়া বাড়ি অবিলম্বে পুনঃনির্মাণ করে না দিলে বিশ্ব মুসলিম উম্মাহ সাম্প্রদায়িক ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের ডাক দিতে বাধ্য হবে’— বলেন মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের চার মাসে অনেক অর্জন হয়েছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা আশা করি সরকার জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে।’
গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণ সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, আলহাজ্ব সুলতান আহমেদ খান, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ ফরিদুল ইসলাম, শাইখুল হাদীস মুফতী মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।