Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ, চীনা নাগরিকসহ ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৩:৪৫

আটক চীনা নাগরিক চাও শিং।

যশোর: ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে এক চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকালে শহরের আরএন রোড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চীনা নাগরিক চাও শিং এবং শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে আছেন।

যশোরের মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন মালামাল কিনতেন। সেই পরিচয়ের সূত্র ধরে গত ১৭ আগস্ট চীনা নাগরিকসহ ইমরান ও আরও কয়েকজন তার দোকানে আসেন। তারা ৪৬ হাজার টাকার পণ্য কেনার পর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে মিঠুর ব্যাংক হিসাবে সাত লাখ টাকা পাঠান। ওই সময় প্রতারক চক্রের সদস্যরা তাকে জানান, পণ্যের মূল্য বাদে বাকি টাকার বিনিময়ে তাদের একটি ব্যাংক চেক দিতে হবে। আগে থেকেই পরিচিত হওয়ায় এবং নিজের ব্যাংক হিসাবে সাত লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি তাদের একটি চেক দেন। পরবর্তীতে প্রতারক চক্রটি ওই চেক ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যান।

বিজ্ঞাপন

কিছুসময় পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মিঠু মজুমদারকে ব্যাংকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ঢাকার টঙ্গি এলাকার ইসলামী ব্যাংকের একটি শাখার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা তার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে সেই টাকা চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বিষয়টি জানার পর তিনি কোতয়ালি মডেল থানায় একটি জিডি করেন।

মিঠু মজুমদার আরও জানান, প্রতারণার ঘটনায় শেষ পর্যন্ত দায় তার ওপরই এসে পড়ে। এরই মধ্যে বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে ওই চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে ধরিয়ে দেন।

এ বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চীনা নাগরিকের নাম প্রাথমিকভাবে জানা গেছে, তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং হ্যাক হওয়া ব্যাংক হিসাব থেকে কীভাবে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর