Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাদ এশা ধানমন্ডিতে, শনিবার হাইকোর্টে হাসান আরিফের জানাজা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৯ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২০:০১

উপদেষ্টা এ এফ হাসান আরিফ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৫) মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর। জানা যায়, তার মেয়ে রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় দেশে পৌঁছাবেন।

আজ বেলা তিনটার পর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হাসান আরিফের মৃত্যু হয়। উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আজ বাদ এশা রাজধানীর ধানমন্ডির সাত নম্বর বায়তুল আমান মসজিদে এ এফ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-

ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ এফ হাসান আরিফ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ ছাড়াও তিনি ২০০৮ সালের জানুয়ারি হতে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ২০০১ সালের অক্টোবর হতে ২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান হাইকোর্ট এর আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন এবং সেই সময় হতে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইনপেশা পরিচালনা করে আসছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এইচআই