ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে সর্বপ্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের ভোট প্রদান করেন।
ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে।
নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ভোট শুরুর আগে নির্বাচনের নিয়ম তুলে ধরেন। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই ঘোষণা করা হবে।’
সিইসি আরও জানান, ভোট প্রদান ও গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।
উল্লেখ্য, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।