Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জনগণ যেকোনো সময় ফুঁসে উঠতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

ঢাকা: আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ে পর্যালোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির পরও বাজারে তেলের সংকট, চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় অবস্থায় পতিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি নাগরিক জীবন দুঃসহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ যে কোনো সময় ফুঁসে উঠতে পারে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সায়েদাবাদে সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা ইমাম হোসেন ভূঁইয়ার ২৩ বছর বয়সী সন্তান হাফেজ কামরুল হাসানের প্রাণহানির ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। এভাবে ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে। এরইমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নাগরিক জীবন দুঃসহ হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মূহাম্মাদ ইমতিয়াজ আলম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ শহিদুল ইসলাম, মুফতি মোস্তফা কামালসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ