Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষতা উন্নয়ন জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৬:৩০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু চাকরি পাওয়া বা ব্যক্তিগত কর্মসংস্থানে সীমাবদ্ধ না রেখে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ মেলার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও চাকরির বাজার সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে। ‘জব ক্রিয়েশন’, ‘জব এক্সটেনশন’ বা ‘জব মার্কেট এক্সপানশন’—যে নামেই বলা হোক, এর ভিত্তি অর্থনীতি, শিল্পনীতি ও উৎপাদননীতি।

বিজ্ঞাপন

তিনি বলেন, কর্মসংস্থানের সমস্যা সমাধানে শুধু দক্ষতা উন্নয়নের দিকে তাকালে হবে না; চাকরির বাজার সম্প্রসারণের পথও বুঝতে হবে। তরুণদের নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার মানসিকতা তৈরি করতে হবে।

এ প্রসঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে জ্ঞান ও প্রযুক্তি নিয়ে এসে বাংলাদেশের জনশক্তিকে আধুনিক পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগের উদাহরণ দেন তিনি। উদ্যোক্তা প্রশিক্ষণ, ব্যাংকঋণ, বিদেশি জ্ঞান-প্রযুক্তির সংযোগ ও নীতিগত সহায়তার মাধ্যমে নতুন শিল্পখাতের ভিত্তি তৈরির কথা উল্লেখ করেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, একজন রাষ্ট্রনায়কের নীতিগত সহায়তার সুফল শুধু ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা পুরো অর্থনীতিতে প্রভাব ফেলে।

তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস পণ্য রফতানি ও প্রবাসী আয়। সীমিত ভূখণ্ডে বিপুল জনসংখ্যার এই দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ বাড়াতে নতুন নতুন শিল্প ও উৎপাদন খাত গড়ে তোলার বিকল্প নেই।

চাকরিপ্রার্থী তরুণদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি ও জাতীয় স্বার্থ সম্পর্কে ধারণা রাখার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, একজন তরুণের মাথায় দেশের ‘বেসিক পিকচার’ না থাকলে সে চাকরি পেলেও তার দক্ষতা ও সম্ভাবনা জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত নাও হতে পারে।

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক কারিকুলামে নৈতিকতা, দর্শন এবং বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।