Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইন্টারপোলে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছি’

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনাসহ আসামিদের ফেরত আনতে চায় সরকার। এ জন্য আমরা তাদের বিরুদ্ধে রেট অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছি। রোববার (২২ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।

এর আগে, নিজ কার্যালয়ে তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। মূলত আবেদন করার সঙ্গে সঙ্গে রেড নোটিশ জারি হয়ে যায়।’ কিন্তু কিছুক্ষণ পর আবার তিনি বলেন, ‘আমরা আবেদন করেছি। রেড নোটিশ জারি হয়েছে কি না তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। ওই সময় তিনি বলেছিলেন, ‘পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত ১০ নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ১২ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার প্রধান আসামি শেখ হাসিনা। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন।’

তিনি আরও বলেন, ‘এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে।’

এর আগে, ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম