Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবি দিবস / কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৭২ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১

বর্ডার গার্ড বাংলাদেশ দিবসে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ঢাকা: বিগত বছরের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৭২ সদস্য। বর্ডার গার্ড বাংলাদেশ দিবসে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্ত ৩৩ জনকে পদক পরিয়ে দেন।

সোমবার (২৩ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় এবং অনাড়ম্বরভাবে সীমিত পরিসরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। পিলখানাস্থ বিজিবি সদর দফতরে পদক প্রদান এবং বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকার ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৬ টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদর দফতরে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং সকাল ৬ টা ৫০ মিনিটে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।।

গত ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে আজ ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিজিবিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি দিবসের অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ সর্বমোট ৭২ জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব (চলতি দায়িত্ব) ড. নাসিম আহমেদ উপস্থিত ছিলেন।

পদক প্রদান শেষে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি’র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতেও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, তিন বাহিনী প্রধান, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা, সুশীল সমাজের প্রতিনিধিরা, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ ডিসেম্বর বিজিবি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বনামধন্য জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয় এবং জুম্মার নামাজের পর বিজিবির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিজিবি দিবস উদযাপন উপলক্ষ্যে পিলখানা ছাড়াও বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো