Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মামলা নিয়ে অনৈতিক সুবিধা আদায়ে অসাধু চক্র: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

চট্টগ্রাম ব্যুরো: গত ৫ আগস্ট সরকার পতনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় হুমকি দিয়ে অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতায় থাকা বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস ও নাম যুক্ত করার হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। সিএমপির বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ওইসব মামলা থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রতারক চক্রের কোনো সদস্য কারও সঙ্গে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ রইল।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলায় অনেক সাধারণ মানুষকে আসামি করার অভিযোগ আছে। এসব মামলায় নাম যুক্ত ও বাদ দিতে চাঁদা আদায়েরও অভিযোগ পাওয়া গেছে।

সারাবাংলা/আইসি/ইআ