ঢাকা: আজ শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ বিশেষ নির্দেশিকা জারি করেছে।
আদেশে জানানো হয়, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে সাধারণ যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপির নির্দেশনায় যেসব সড়কে প্রবেশ নিষিদ্ধ ও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে:
দিলকুশা ও রাজউক এলাকা:
মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।
গণপরিবহন ও বাস চলাচলের পথ:
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব পথ হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনবোধে অন্যান্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ রয়েছে।
বাণিজ্যিক যানবাহন:
দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
হানিফ ফ্লাইওভারের যানবাহন:
ফ্লাইওভার থেকে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না নিয়ে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা বা শাপলা চত্বরের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিকল্প রুট:
সর্বসাধারণকে বিকল্প পথ হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক মোড় রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর স্বাক্ষর করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়। তিনি বলেন, সাময়িক এই নিয়ন্ত্রণের কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটতে পারে, যার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে উল্লেখিত সময়সীমায় এসব সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।