Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটির লংগদুতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ | আপডেট: ২ জানুয়ারি ২০২৫ ১৮:২৯

লংগদু থানা।

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলার জঙ্গল থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কিচিং ছড়া নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে লংগদু থানা পুলিশ।

স্থানীয়রা নিহত ব্যক্তিকে ‘আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী’ হিসেবে বললেও পার্বত্য চট্টগ্রামের কোনো রাজনৈতিক দলই নিহত ব্যক্তিকে কর্মী বলে নিশ্চিত করেনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কিচিং ছড়া নামক এলাকা থেকে একটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বিজ্ঞাপন

এদিকে বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় ইউপিডিএফের (প্রসিত খীসা) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, একটি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে এলাকার নাম নানিয়ারচর উপজেলার পেরাছড়া জানানো হলেও এলাকাটি লংগদু উপজেলা কিচিং ছড়া গ্রাম বলছেন স্থানীয়রা।

নিহত ব্যক্তিকে ইউপিডিএফ সন্ত্রাসী বলা হলেও ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেননি।

সারাবাংলা/এমপি