Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজির দায়ে গ্রেফতার ফুলছড়ির যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৫ ১৮:৩৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান। কোলাজ ছবি: সারাবাংলা

গাইবান্ধা: চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, ‘চাঁদাবাজ কিংবা অপকর্মকারীদের যুবদলে কোনো ঠাঁই নেই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা আক্তারুজ্জামানের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন।’

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এর আগে বুধবার (১ ডিসেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় সুপ্রিমকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদল নেতা মো. আক্তারুজ্জামান।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। এ ঘটনার আগেও গত বছরের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছ থেকে একই পরিমাণ চাঁদা দাবি করেছিলেন তিনি।

জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে