Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুগদায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, ২ যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ০৩:২২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১১:১০

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশা চালক। নিহতরা হলেন- অংশু (২২) ও আদিল আরহাম সিয়াম (২২)।

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুইজনের বাসা মান্ডা এলাকায়। অংশুর বাবার নাম অখিল। আর সিয়ামের বাবার নাম আকরাম হোসেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলাম জানান, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উল্টে পড়ে ছিল। পাশেই পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশা চালক। সেখানে ভিড় করে দাঁড়িয়ে ছিল অনেক লোকজন। তখন সেখান থেকে তিনি প্রথমে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এর পর অন্যরা অপর যুবককেও হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, ওই অটোরিকশাটির সঙ্গে ধাক্কা লেগেছে মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদা এলাকা থেকে দুই যুবককে পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম