Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাবি নিয়ে সচিবালয়ে জবি শিক্ষার্থীরা

স্পেশাল করসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:১৭

সচিবালয়ে জবি শিক্ষার্থীরা

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশনের পর এবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা বিকেল সোয়া চারটার দিকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। গুলিস্তানে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় পৌঁছান। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

দুপুরের মধ্যে মন্ত্রণালয় থেকে ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের দাবি নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। তারা বলছেন, তাদের দাবিগুলো মানা হয়েছে এটি শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে হবে। তাদের অনশন কর্মসূচি সচিবালয়ের সামনে চালিয়ে যাবেন বলে জানা গেছে। কিন্তু সে পর্যন্ত না যেতেই গুলিস্তানে তারা পুলিশি বাঁধার মুখে পড়েন। এরপর সেখানেই কিছু শিক্ষার্থী অবস্থান নেন আবার কিছু শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে পৌঁছান।

এদিকে অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপাচার্য আশ্বাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সকালে সাংবাদিকদের ব্রিফ করে জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। সভায় প্রকল্পের অবস্থা বিশ্লেষণ করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

সারাবাংলা/জেআর/ এইচআই