Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ০৪:২৫

নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। এদের মধ্যে একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন এবং এক মন্ত্রীর দফতর বদল করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে তাদের দায়িত্ব বণ্টন করা হয়। এর আগে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শপথ পড়ান বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া চার মন্ত্রী হলেন- ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন- হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এতদিন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এতদিন দায়িত্ব পালন করে আসা আফরোজা খানমকে (রিতা) দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

এদিকে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তার আগে বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ানকে মন্ত্রী করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন। এখন তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।

নতুন প্রতিমন্ত্রী (টেকনোক্রেট) হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর আগে থেকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দু’জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর