Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভ্যাট-শুল্ক ও গ্যাসের দাম বড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৪:২৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:৪৩

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ। ছবি: সারাবাংলা

ঢাকা: শতাধিক পণ্যে নতুন করে শুল্ক ও ভ্যাট বৃদ্ধি এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ।

ব্যবসায়ীরা বলছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির উপর প্রচণ্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে থমকে দেবে। ভ্যাটের বাড়তি চাপ সাধারণ মানুষের উপর পড়বে। ফলে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এফবিসিসিআই’র বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ আয়োজিত ‘নিয়ম বহির্ভূতভাবে পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বৃদ্ধি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।

এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম হায়দার বলেন, ‘নির্বাচিত সরকার শুল্ক বা গ্যামে দাম বাড়াবে। কিন্তু এই সরকারকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। এ ধরণের সিদ্ধান্ত শিল্পকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই সরকার দিন দিন দুর্বল সরকারে পরিণত হচ্ছে। দিন দিন মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেখানে গ্যামের দাম বাড়ানোর কোন অধিকার তাদের দেওয়া হয়নি। নির্বাচিত সরকার আসলে সেটি চিন্তা করবে।’

ঘুষ ও দুর্নীতির মাত্রা আগের চেয়ে বেড়ে গেছে মন্তব্য করে ব্যবসায়ী এই নেতা বলেন, ‘ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। কিন্তু এখন ঘুষের মাত্রা আরও বেড়ে গেছে। সচিব থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত অহরহ ঘুষের বাণিজ্য চলছে। কিন্তু এটি বন্ধ করার জন্য সরকারের কোন উদ্যোগ নেই। দুই একজন উপদেষ্টা ঘুষ যদি না খান, কিন্তু ঘুষ যে বন্ধ করছেন না, এটিও ঘুষের চেয়ে কম না। ঘুষে সহযোগিতা করছেন, এটিও অন্যায়।’

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক বলেন, ‘ফেডারেশন চেম্বারে এখন কোনো নির্বাচিত প্রতিনিধিত্ব নেই। ফলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। সুদের হার কোনভাবেই সহনীয় নয়। এটি আমাদের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। ১৬ শতাংশ সুদের হারে ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা যাবে না। ১৬ শতাংশ সুদের হার ব্যবসা বান্ধব নয়, সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে।’

লিখিত বক্তব্যে জাকির হোসেন নয়ন বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্য বৃদ্ধির জন্যও সরকার উদ্যোগ নিয়েছে। হঠাৎ এ কর আরোপ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির উপর প্রচন্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় এগিয়ে নিতে যে মূহুর্তে সরকার, ব্যবসায়ী সমাজসহ সকলেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি- সে সময়েই অস্বাভাবিক হারে মুসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে থমকে দিবে। ভ্যাটের বাড়তি চাপ সাধারণ মানুষের উপর পড়বে। দেশে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ভ্যাট বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবন-যাত্রার খরচ স্বাভাবিকভাবে আরেক দফা বেড়ে যাবে।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানী ব্যয়, উচ্চ সুদের হার ও বৈশ্বিক প্রভাব দেশের বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সরকার যেখানে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে সে মূহুর্তে অংশীজনদের সাথে কোনো মতবিনিময় ছাড়াই মুসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, সব ধরণের রেস্তোরার বিলের উপর ১০ শতাংশ হারে ভ্যাট বৃদ্ধি করার পাশাপাশি দোকান ও সুপার মার্কেটে বিক্রয়ের উপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেনী সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়াও আমদানিকৃত ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেট, টিস্যু, এলপিজি গ্যাস, পোশাক প্রভৃতির ক্ষেত্রেও বিভিন্ন হারে মুসক বাড়ানো হয়েছে। যেহেতু এসব পণ্য ও সেবা জীবন-যাত্রারই সার্বক্ষনিক অনুষঙ্গ সেজন্য অতিরিক্ত কর বৃদ্ধির ফলে সকল আয়ের মানুষের উপর এর চাপ পড়বে। জীবনরক্ষাকারী ঔষধের উপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যা কোনভাবেই কাম্য নয়।

বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হলে টার্ণওভার কর দিতে হতো। কিন্তু ঘোষিত গেজেট অনুযায়ী বার্ষিক টার্ণওভার কর প্রদানের সীমা ৫০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এতে ক্ষুদ্র, মাঝারী ও প্রান্তিক ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হবেন।

জাকির হোসেন নয়ন বলেন, ‘দেশের সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে এবং দেশের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের উপর হঠাৎ করের বোঝা না চাপিয়ে বিকল্প উপায়ে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নিতে পারে। করের হার না বাড়িয়ে করের আওতা বৃদ্ধি করা জরুরি যাতে সবসময় একই করদাতাকে করের জন্য চাপ প্রয়োগ না করা হয়। তাছাড়া সরকারের অনুৎপাদনশীল খাতে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও সততা নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করা জরুরি।’

তিনি বলেন, ‘সরকার আবারও শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এমনিতে দেশের শিল্পখাত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন তদুপরি গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং স্থানীয় শিল্প প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। স্থানীয় শিল্পের স্বার্থে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। সুদের হার কমানো, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার সরবরাহ স্থিতিশীল রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, যানযট নিরসন, বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধি প্রভৃতিসহ ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম জোরদার করার জন্য বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের পক্ষ থেকে সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।’

সারাবাংলা/ইএইচটি/ইআ