ঢাকা: বিআইডিএস এর মাস্টার্স প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। এটি মোট প্রকল্প ব্যয়ের ৬৯ শতাংশ। এ প্রকল্পে বরাদ্দ ছিল ৪ কোটি ৬৩ লাখ টাকা। গত ২০১৯ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্পটির জন্য চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) বরাদ্দ আছে ৬৫ লাখ টাকা। এর বিপরীতে এ পর্যন্ত ব্যয় হয়েছে ২৫ লাখ ৪৫ হাজার টাকা, যা মোট বরাদ্দের ৩৯ দশমিক ১৫ শতাংশ।
সম্প্রতি অনুষ্ঠিত ‘বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মাস্টার্স কার্যক্রম’ প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভায় অগ্রগতির এ চিত্র তুলে ধরা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন।
সভায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত নবায়ন সম্পন্ন হয়েছে। এ শিক্ষা বর্ষের জন্য বিআইডিএসের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৫ জন শিক্ষার্থীর পরিবর্তে ৩৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে। ইতোমধ্যেই তৃতীয় ব্যাচের ৩৫ জন শিক্ষার্থী তাদের প্রথম সেমিস্টারের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। তাদের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আগামী মার্চ মাসে শুরু হবে।
সভাপতির বক্তব্যে ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স প্রোগ্রামের কার্যক্রম যথাসময়ে শেষ করতে হবে। সেই সঙ্গে প্রকল্পটির কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।