Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নতুন দলকে মাঠ গোছানোর সুযোগ দিতে নির্বাচনে বিলম্ব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২২:১৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ২৩:০৯

বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। ছবি: সারাবাংলা।

ঢাকা: নতুন দলকে মাঠ গোছানোর সুযোগ দিতে নির্বাচনে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মহাখালী আমতলী মাঠে বনানী থানার ২০ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘‘সংস্কারের নাম করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, তা সময় সাপেক্ষ ব্যাপার। জনমনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, অন্য কোনো উদ্দেশেই কি সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে? নাকি নতুন দলকে মাঠ গোছানোর সুযোগ দেওয়ার জন্য নির্বাচন বিলম্ব করা হচ্ছে?’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘নতুন দল নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তির উত্থান দেশবাসী মেনে নেবে না। রাজনৈতিক দল গঠন করতে হলে জনমত তৈরি করেন। তবে, বিএনপিকে কটাক্ষ করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলে আমরা বসে থাকব না। বিএনপির একটি সংগ্রামী ইতিহাস আছে। নেতা-কর্মীরা গণতন্ত্রের প্রশ্নে জীবন দিতে জানে। প্রয়োজনে আবারও রাজপথে নেমে দেশে সুস্থধারার রাজনীতি ফিরিয়ে আনব।’’

২০ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে, সদস্য সচিব ফয়সাল হায়দার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক তালহা রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, বনানী থানা যুবদলের আহবায়ক মনির হোসেন খান ও সদস্য সচিব হাসিবুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর