Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টার-বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫ ১১:০১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৪৭

যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে একটি মার্কিন সেনা ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমরা জানি এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। যদিও কতজন মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য।

মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে কোনো হতাহতের ঘটনা নিশ্চিত নয়। ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীতে জরুরি উদ্ধারকাজ চলছে। ওই নদীর উপরে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, একটি পিএসএ এয়ারলাইন্সের আঞ্চলিক জেট বিমান রিগান এয়ারপোর্টে অবতরণের সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হয়। একজন মার্কিন সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।

এফএএ’র তথ্য অনুযায়ী, পিএসএ এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল। এটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, এই জেট বিমানটি সর্বোচ্চ ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে যে তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।

২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে যুক্তরাষ্ট্রে কোনো মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরে একাধিক প্রায়-দুর্ঘটনা ঘটেছে, যা গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

সারাবাংলা/ইআ