Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরিয়ায় আসাদের দলকে বিলুপ্ত ও আল শারাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫ ১২:৪১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:৪১

সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে এ সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে। ক্ষমতাচ্যুত বাশার আল–আসাদের বাথ পার্টিও বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলো বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সানার খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

আহমেদ আল-শারার।

সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দিয়েছেন। দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি।

মুখপাত্র গনি বলেন, সশস্ত্র বাহিনী বিলুপ্ত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আবদেল গনি।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে।

২০১১ সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশারের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু হয়। শুরুতে তরুণদের বিক্ষোভ হিসেবে যাত্রা শুরু করা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে।

গত ৮ ডিসেম্বর সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে রাশিয়ায় যান সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সারাবাংলা/ইআ