Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লবীতে ‘ব্লেড বাবু’ হত্যা, প্রধান ২ আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৩:০৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:১৩

গ্রেফতার দুই আসামি। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডের মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামি রাজন (৩৫) ও রনিকে (২৬) গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে রাজন ও রনিকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি দল। পরে রাত ৩টার দিকে গ্রেফতার রনির সহায়তায় রাজধানীর পল্লবী থানার স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচ থেকে ব্লেড বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি-মিরপুর বিভাগ জানিয়েছে, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় এলাকায় আধিপত্য বিস্তার ও চুরি এবং ছিনতাইয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসী রাজন গ্রুপ এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করলে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি আরও জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় এবং ২০ জানুয়ারি রাত ১১ টা ৫০ মিনিটে পল্লবী থানার সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মো. মুরাদকে (২৭) গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

পরবর্তীতে ২৪ জানুয়ারি মিরপুর-১০ নম্বর এলাকা হতে ইরফান হোসেন তুফানকে (১৯) এবং ২৬ জানুয়ারি রাত ১ টায় মামলার অন্যতম আসামি রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে (১৮) গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ। পরবর্তীতে ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পল্লবী থানাধীন কালাপানি এলাকা থেকে আরেক আসামি সাজ্জাদকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাজন ও রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এমপি