Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে ফের ২ কেজি হেরোইন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৪

উদ্ধার হওয়া ২ কেজি হেরোইন

নীলফামারী: নীলফামারীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল এলাকায় বিজিবি ক্যাম্পের ১নং গেট সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি’র এই দল।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, জেলার ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ (বগুড়া-জ-১১-০০৬১) নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসটিতে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

বিজ্ঞাপন

নীলফামারী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সারাবাংলাকে জানান, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্যসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি নীলফামারী সদরে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন ও হিরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) নীলফামারী।

সারাবাংলা/এসডব্লিউ