Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই অভ্যুত্থান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে জুলাই গণঅভ্যুত্থান যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যপরিধির রুলস অব বিজনেস সংশোধন করে এটি যুক্ত করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সেখানে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৫৫-এর দফা (৬) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন-রুলসের সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস) এর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধিতে নতুন একটি এন্ট্রি যুক্ত করা হয়েছে। ‘Matters relating to July Mass Uprising 2024’ অর্থাৎ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সম্পর্কিত বিষয়াদি’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন কর্ম পরিধিতে যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জেলা প্রশাসক সম্মেলন শেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম সাংবাদিকদের জানিয়েছিলেন, জুলাই অধিদফতর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে অধিদফতর গঠন হয়ে যাবে। অধিদফতর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে।

এদিকে জুলাই অভ্যুত্থানে নিহতদের তালিকার গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আহতদের তালিকাও প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ তালিকার ভিত্তিতে বিভিন্ন সহযোগিতা দেবে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়। মূলত জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের অধীনে এ সহযোগিতা দেওয়া হবে বলে জানা গেছে।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো