ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর একটি বাসায় গলায় ফাঁস দিয়ে রিশাত জাহান অমি (১৬) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় কামরাঙ্গীরচরের কলামাঠের বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত রিশাত জাহানের চাচা মো. জাকির হোসেন জানান,অমি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের কলামাঠ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম মো. উসমান গনি। তিনি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী ছিল।
তিনি আরও জানান, রাতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে যান। ভোরে রিশাতের রুমের গিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে রিশাত। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।