ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে সরকার আইনের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে আন্দালিভ রহমান বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব শর্তের কথা জানা গেছে, সেগুলো নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমেও খবর প্রকাশ হয়েছে।’ তার জানামতে, বিষয়টি এখন আদালতের মাধ্যমে নিষ্পত্তির দিকে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘উনি একভাবে সেখানে গিয়েছিলেন। এখন ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে বিষয়টি নিতে চাইছে না। সে কারণে বিষয়টি বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়া হয়েছে—এমনটাই মনে হচ্ছে।’
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘শুধু একজনকে নয়, বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককেই দেশে ফিরিয়ে আনার দাবি সরকারের।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাসহ এর আগের বিভিন্ন ঘটনারও সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। যাদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা রয়েছে, তাদের দেশে এনে আইনের আওতায় নিয়ে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।