Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা ৪টি মহাসড়ক ও ৮টি সেতুর নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সেতুগুলোর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে সই করেছেন সহকারী সিনিয়র সচিব মো. গোলাম জিলানী।

নাম পরিবর্তন হওয়া মহাসড়কগুলো:

  • মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫.০০ কিলোমিটার এবং পাঁচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ২০.০০ কিলোমিটার জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পরিবর্তন করে নতুন নাম ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’ রাখা হয়েছে।
  • সিলেট জেলার বিমানবন্দর বাইপাস মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ পরিবর্তন করে সিলেট জেলার ‘বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক করা হয়েছে।’
  • মাদারীপুর সড়ক বিভাগাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২২ দশমিক ৭৫ কিলোমিটার মহাসড়রে নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ নাম পরিবর্তন করে ‘কাজিরটেক ব্রীজ শরীয়তপুর মহাসড়ক’ রাখা হয়েছে।
  • চট্টগ্রাম সড়ক বিভাগাধীন বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নাম ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ রাখা হয়েছে।

নাম পরিবর্তন হওয়া সেতুগুলো:

বিজ্ঞাপন
  • রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট নামক স্থানে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮ দশমিক ৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ পরিবর্তন করে কাঁচদহ সেতু রাখা হয়েছে।
  • পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৪৯তম কিলোমিটারে আন্দারমানিক নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ কামাল সেতু’ পরিবর্তন করে ‘আন্দার মানিক সেতু’ রাখা হয়েছে।
  • পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬১তম কিলোমিটারে সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’র নাম পরিবর্তন করে ‘সোনাতলা সেতু’ নাম রাখা হয়েছে।
  • পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬৬তম কিলোমিটারে খাপড়াভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ রাসেল সেতু’ নাম পরিবর্তন করে ‘খাপড়াভাঙ্গা সেতু’ নাম রাখা হয়েছে।
  • পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীর উপর নির্মিত ৩৮৭.৩১ মিটার দীর্ঘ ইন্দুরকানি সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানি সেতু’ নাম রাখা হয়েছে
  • পিরোজপুর সড়ক বিভাগাধীন রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের ১২তম কিলোমিটারে বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর উপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘বেকুটিয়া সেতু’।
  • নারায়ণগঞ্জ সড়ক বিভাগাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ডেমরা সেতু’।
  • বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ বাতিল করে নতুন নাম রাখা হয়েছে, ‘দপদপিয়া সেতু’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারাবাংলা/জেআর/এনজে