Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিক শাহরিয়ার আরিফকে প্রাণনাশের হুমকি, সতিকসাসের নিন্দা

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯

বেসরকারি টিভি চ্যানেল 24-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সতিকসাস।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সতিকসাসের সভাপতি সাহেদুজ্জামান সাকিব ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এই হুমকির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্রে নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। অবিলম্বে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ভয় দেখিয়ে কখনো গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ করা যাবে না। সাংবাদিকরা বরাবরের মতোই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে।

সতিকসাস এ ধরনের হুমকিকে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে দেখছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ইতোমধ্যে শাহরিয়ার আরিফ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিলেন। চ্যানেল 24 এ সংক্রান্ত তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার তাকে প্রাণনাশের হুমকি দেন।

এদিকে, দেলোয়ারের মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ব্যাপারে অবগত হয়ে গত ২০ ফেব্রুয়ারি বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ল্যাংড়া দেলোয়ার ওরফে দেলু দলের কেউ নন।

সারাবাংলা/এমআর/এসএইচএস