Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির বর্ধিত সভা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪১

জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এ সভা শুরু হয়।

সভা শুরুর পর গত ১৬ বছরের আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং শোক প্রস্তাব পাঠ করা হয়। এরপর সভার সভাপতি তারেক রহমান এবং প্রধান অতিথি খালেদা জিয়ার বর্ধিত সভার কার্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

সভা শুরুর পর গত ১৬ বছরের আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: সারাবাংলা

দেশের চলমান পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা— এই চার এজেন্ডা সামনে রেখে এবারের বর্ধিত সভা ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উদ্বোধনী বক্তব্য দেবেন তারেক রহমান। তাদের স্বাগত ও উদ্বোধনী বক্তব্যের পর উপস্থিত নেতারা বক্তব্য দেবেন। বর্ধিত সভার প্রথম সেশন দুপুরের মধ্যে শেষ হয়ে দ্বিতীয় সেশন শুরু হবে বিকেলে। এ সেশনটি হবে রুদ্ধদ্বার।

সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলায় কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ সাত বছর পর আয়োজিত বর্ধিত সভায় সারা দেশের প্রায় চার হাজার নেতা-কর্মী অংশ নিচ্ছেন। বর্ধিত সভায় আসা নেতাদের মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে ডাকা এ বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক হালচাল ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসবে দিকনির্দেশনামূলক বক্তব্য। নির্বাচনের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পাবে শীর্ষ নেতাদের আলোচনায়।

বর্ধিত সভায় দলের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং যারা মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও উপস্থিত আছেন। সভা মঞ্চে আসন নিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন প্যান্ডেলের সামনের সারিতে।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

খুলনায় কাটা পা উদ্ধার
২৬ আগস্ট ২০২৬ ১৮:২৩

আরো