Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএসইসিতে ৫ মার্চের ঘটনা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ০০:০৩ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৫

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএসইসিতে ৫ মার্চের ঘটনা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, বিএসইসিতে যে ঘটনা সংঘটিত হয়েছে তা মারাত্মক, যেটা দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। এ ধরণের ঘটনা ন্যাক্কারজনক ঘটনা, সারা পৃথিবীতে কোনো রেগুলেটরি সংস্থায় এই প্রথম ঘটল।

সোমবার (১০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘বিএসইসির ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে আজকের সভায় বিএসইসির সকলে একত্রিত হয়েছে। গত ৫ মার্চ সংঘঠিত ঘটনাকে চরম অনভিপ্রেত এবং কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচণায়, ইন্ধনে এবং অংশগ্রহণে তা সংঘঠিত হয়েছে। এ ঘটনা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ।’

তবে ওই ঘটনায় বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারী সম্পৃক্ত নয় এবং অংশগ্রহণকারী অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাতে যুক্ত হননি- এমনটাই কমিশন বিশ্বাস করে বলে জানান তিনি। এ বিষয়টি মাথায় রেখেই ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে বলে বক্তব্যে উল্লেখ করেন রাশেদ মাকসুদ।

জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ রেগুলেটরি সংস্থা এভাবে চলতে পারে না উল্লেখ করে তিনি ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। যারা নিষ্ঠা-সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তারা বিএসইসির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

আগামীতে সকলের সহযোগিতায় বিএসইসি তার কার্যক্রম গতিশীলতার সঙ্গে চালিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/জিএস/পিটিএম