Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ মার্চ ২০২৫ ০৯:১৩

খুলনা: খুলনার খালিশপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে জাহাঙ্গীর নামের এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে নগরীর খালিশপুর হাউজিং এলাকার হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা গলির ভেতরে এ ঘটনা ঘটে।

ইজিবাইক চালক জাহাঙ্গীর দিঘলিয়া উপজেলার ফরমেশ খানা এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চার জন ব্যক্তি সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঘণ্টা চুক্তিতে জাহাঙ্গীরের ইজিবাইক ভাড়া করে। রাত পৌনে ১১টার দিকে ওই দুর্বৃত্তরা খালিশপুর হাউজিং এলাকার তিন তলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলির ভেতর একটি নির্জন জায়গায় ওই ইজিবাইক চালকে থামতে বলে। তারা চালক জাহাঙ্গীরকে জাপ্টে ধরে রাস্তার পাশে শুইয়ে গলায় ছুরি চালায়। এ সময় চালক জাহাঙ্গীর চিৎকার করেন ও গোঙাতে থাকেন। শব্দ শুনে স্থানীয়রা বের হয়ে আসলে তিন জন ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে মশিউর রহমান সাগর নামে একজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা। পরে পুলিশের নিকট হস্তান্তর করেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আহত ইজিবাইক চালককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত।

সারাবাংলা/এসডব্লিউ