Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গভীর রাতে পল্লবী থানায় হামলা, ওসিসহ ৩ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১১:৩৮ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১১:৪৬

পল্লবী থানা। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্লবী থানায় গভীর রাতে আব্দুর রাজ্জাক ফাহিম (২৩) নামে এক যুবকের হামলায় অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির।

এ বিষয়ে ওসি নজরুল ইসলাম জানান, রাত দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় ঢুকে জানান এই এলাকায় একটি মার্ডার হয়েছে। এমন ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক ক্ষিপ্ত হয়ে ফাহিম বলেন, আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন। আপনার ডিউটি অফিসার মার্ডারের বিষয়টি জানে।

বিজ্ঞাপন

ওসি বলেন, তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এমন ঘটনা তাদের জানা নেই। এক পর্যায়ে তার পরিচয় জানতে চাইলে ফাহিম তাকে মারধর শুরু করেন। এএসআই নাসির ঠেকাতে এলে তার একটি আঙ্গুল ভেঙে দেন ওই যুবক। সেকেন্ড অফিসার এলে তার কপালে ঘুষি মারেন। পরে ওই যুবককে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে, জানায় গাজীপুর থেকে ঘুরতে এসেছেন তারা। পরবর্তীতে ওই তিনজনকেও থানায় আনা হয়। আহত অবস্থায় এএসআই নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে এক্সরে করে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএইচ/ইআ