Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পাঠ্যবই ছাপাতে কাগজ কেনার অর্থের সঙ্গে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৪:০৪ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪৪

মঙ্গলবার বৈঠকে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান

ঢাকা: পাঠ্যবই ছাপাতে কাগজ কেনার জন্য যে চারশ কোটি টাকার বাণিজ্যের সঙ্গে রাখাল রাহার তথ্য সামনে এসেছিল তা সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের(এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। তিনি বলেছেন, এই কাগজ কেনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এটি অপপ্রচার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০০ কোটি টাকার। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা বোধগম্য নয়।’

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, ‘কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে একটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং প্রোপাগান্ডা।’

উল্লেখ্য, চলতি বছর পাঠ্যবই ছাপায় কাগজের বাজারদরের চেয়ে টনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মিলত না। কোন প্রতিষ্ঠান থেকে কাগজ কিনতে হবে তা নির্ধারণ করে দিত এনসিটিবি। যা এর আগে কখনও হয়নি। আর এর নেপথ্যে ছিলেন এনসিটিবির সচিব, একজন সদস্য ও রাখাল রাহা। এমন অভিযোগ তুলে বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করে এনসিটিবি।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ