Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসসকে দ.এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৭:৪৮

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) অন্তত দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এর জন্য বাসসকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ সংবাদ সংস্থার কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে। গুজব ও অপতথ্য মোকাবেলা করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাসসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাহফুজ আলম বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে বাসসকে কাজ করতে হবে। এর জন্য তিনি বাসসে কর্মরত কর্মকর্তা, সম্পাদক, সংবাদদাতা-সহ সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। জনগণকে সেবা করাই সরকারের মূল কাজ। তিনি পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ-সহ বাসসের কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এনজে