Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সাম্প্রতিক অপরাধ পরাজিত রাজনৈতিক শক্তির অপচেষ্টার অংশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৯:৩১

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: সাম্প্রতিক অপরাধ পরাজিত রাজনৈতিক শক্তির অপচেষ্টার অংশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইউনুস আহমেদ বলেন, ‘‘সাম্প্রতিক অপরাধের যে ব্যাপকতা দেখা যাচ্ছে তা পবিত্র রোজার মাসের স্বাভাবিক চরিত্র না। রোজার মাসে সাধারণত বাংলাদেশের মানুষের মধ্যে তাকওয়ার প্রভাব দেখা যায়। কিন্তু এবার অপরাধের ব্যাপকতা দেখা যাচ্ছে। এটা মূলত দেশকে অস্থিতিশীল করতে পরাজিত রাজনৈতিক শক্তির অপচেষ্টার অংশ। তারা দেশকে অস্থিতিশীল করে অভ্যুত্থান পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে। অভ্যুত্থানকে দেশের জন্য অকল্যাণকর- এটা দেখাতে চাইছে।’’

বিজ্ঞাপন

অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, ‘‘ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। ধর্ষকের শাস্তির ব্যাপারে ধর্ম-বর্ণ, মতাদর্শ নির্বিশেষে সকলে একমত। তারপরও ধর্ষণ ইস্যু নিয়ে একদল নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। মতাদর্শিক সংঘাত তৈরির অপচেষ্টা করে। এতে করে সমাজে বিভক্তি তৈরি হয়। এটা না করে ঐক্যকে আরও দৃঢ় করতে হবে।’’

গাজায় সৃষ্ট মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘সভ্যতার এই উৎকর্ষের কালে বিশ্বের শত কোটি মানুষের সামনে যেভাবে লাখ লাখ গাজাবাসীকে অনাহারে হত্যা করা হচ্ছে, তা কল্পনা করা যায় না। বাংলাদেশ সরকারকে এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলতে হবে। বিশ্ব মুসলিমকে একত্রিত করার উদ্যোগ নিতে হবে।’’

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মুফতী এছহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, শাহ ইফতেখার তারিক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, জিএম রুহুল আমীন, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নাবী, অধ্যাপক নাসির উদ্দিন খান, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম