Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিনের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৯:১৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:২২

সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকার।

নীলফামারী: সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নীলফামারী জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৫-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজের আদেশ দেন।

আদালতে শুনানির সময় আফতাব উদ্দিন সরকারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় যুক্তি তুলে ধরে বলেন, ‘আফতাব উদ্দিন সরকার একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি পলাতক হওয়ার ঝুঁকিতে নেই এবং তদন্তে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। তাছাড়া তার শারীরিক অবস্থাও বর্তমানে ভালো নয়।’

বিজ্ঞাপন

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মামুনুর রশিদ পাটোয়ারী জামিনের বিরোধিতা করে বলেন, ‘মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের অভিযোগ রয়েছে। তদন্ত চলাকালীন জামিন দিলে তা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

এর আগে, রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় নীলফামারীর দুটি মামলায় আফতাব উদ্দিন সরকারকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে নীলফামারী কারাগারে আনা হয়।

জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনি প্রচারণার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর জোড়াবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম নীলফামারী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় আফতাব উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের ৪৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

অন্যদিকে, ২০১৫ সালের ১৪ মার্চ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনকে পুলিশ তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে এবং ওসির মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর দ্বিতীয় আরেকটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আফতাব উদ্দিন সরকার এবং তৎকালীন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করা হয়।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার -ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। তার গ্রেফতার এবং মামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। আদালত চত্বরে বাড়ানো হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা। বর্তমানে আফতাব উদ্দিন সরকারকে নীলফামারী জেলা কারাগারে রাখা হয়েছে।

সারাবাংলা/এনজে