Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারভেজ হত্যা / বিচারের দাবিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫২

জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা।

ঢাকা: রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণার আগে শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইয়ের বিচারের দাবিতে আজ আমরা একত্রিত হয়েছি। দ্রুত পারভেজ হত্যার খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা খুনিদের ফাঁসি চাই। এই ঘটনায় জড়িত ঐশী ও টিনা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি হলো – আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল শুক্রবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৭ এপ্রিল রোববার বিকাল ৫টায় বিক্ষভ মিছিল করা হবে।

এদিকে পারভেজ হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের তিন জন ছাত্র এবং ইউনিভার্সিটি অব স্কলার্স এর দুইজন ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ।

পারভেজ হত্যার ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার ভোরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আট জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বনানী থানায় মামলা করেন পারভেজের ভাই হুমায়ুন কবির।

উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ। মিডটার্ম পরীক্ষা শেষে ১৯ এপ্রিল বিকেল ৩টায় বন্ধু তরিকুল, সুকর্ণ, ইমতিয়াজসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র‌্যানকন বিল্ডিংয়ের সামনের একটি পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে কথাবার্তার সময় হাসাহাসি করছিলেন। তখন তাদের পেছনেই দাঁড়ানো ছিল ইউনিভার্সিটি অব স্কলারসের দুজন ছাত্রী ঐশী ও টিনা। পারভেজ তাদের নিয়ে হাসাহাসি করেছে কিনা জানতে আসেন ওই দুই ছাত্রীর তিনজন বন্ধু। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং এ ঘটনা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত গড়ায়। শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ার পরও বিশ্ববিদ্যালয় থেকে বের হতেই গেটের সামনে পারভেজের ওপর হামলা করা হলে ছুরিকাঘাতে মারা যান তিনি।

সারাবাংলা/এমএইচ/এমপি