Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ১৬:২০

অভিযুক্ত শিক্ষক জুলহাস উদ্দিন (মাঝে)।

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২১ এপ্রিল) ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুলের ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষককে আটকের পর সন্ধ্যায় পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত শিক্ষক জুলহাস উদ্দিন পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাস উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাশত করা হবে না।’

সারাবাংলা/এসডব্লিউ