Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৭:২৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৮

কাতারে আর্থনা সম্মেলনের গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। তারা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে।’’

তিনি আরও বলেন, ‘‘রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ, যার রয়েছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব।’’

বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় ড. ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন। ‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এই বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা তহবিল কমিয়েছে, যা এই সংকটকে আরো জটিল করে তুলবে। বাংলাদেশ মনে করে, চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন।’’

অধ্যাপক ইউনূস বলেন, ‘‘জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের দায় কোনভাবেই শাস্তির বাইরে থাকতে পারে না, এ জন্য আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে সমর্থন করে বাংলাদেশ। মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিচার হতে পারে রাখাইনে ফিরে যেতে রোহিঙ্গাদের আস্থা।’’

বাংলাদেশ জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে চলতি বছরের সেপ্টেম্বরে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, সেখানে কাতারকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াতে কাতারের প্রতি আহ্বান তিনি বলেন, ওআইসিভুক্ত দেশগুলোকে সক্রিয় করতে কাতারকে এগিয়ে আসতে হবে।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আরো