ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মামলার আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন।
মামলার এজাহার ও তদন্ত নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলির শিকার হন।
এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
এ ছাড়া আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহকয়েকজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার চারজন আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খান উল্লেখযোগ্য। অন্যদিকে, ১০ জন আসামি বর্তমানে জামিনে রয়েছেন।
অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।