Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে সুন্দর দেশ হিসেবে পরিচিতি পাবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৩০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২১:০৭

সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই। তেমনিভাবে সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও বেস্ট মন্ত্রণালয় হিসেবে পরিচিত করে তুলতে চাই। এজন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ পেয়েছি, এ সৌভাগ্যটা উপলব্ধি করে পেছনের জঞ্জাল, দুর্নীতির উর্ধ্বে থেকে আমরা আমাদের মন্ত্রণালয়কে ডিসিপ্লিনে আনব এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করবো।’

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ে আয়োজিত দুই দিনব্যাপী সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সম্মেলন ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীজনদের নিয়ে পথচলা’।

উপদেষ্টা বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে। বিগত সরকারের অপশাসন, দুর্নীতিতে সমাজ নিষ্পেষিত ছিল যার ফলে জুলাই আন্দোলন তারুণ্যের বিপ্লব ছিল। ৫ আগস্ট এর আগে যে সকল অপশাসন প্রচলিত ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘দেশ এখন নতুন মূল্যবোধ, নতুন বয়ানের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ,দুস্থ মানুষের সেবা করার যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একাউন্টটিবিলিটি থাকতে হবে।’

এ সময় উপপরিচালক সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের গভীর আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই একটা ভালো ভাবনার জায়গায় পৌঁছবো।’

সম্মেলনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন ।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো- ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট,বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, এবং সমাজসেবা অধিদফতরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিষ্ঠানসমূহ ও সদর কার্যালয়ের উপপরিচালকগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো