Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে খুন: শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৫

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে হাটহাজারী থানার একটি খুনের মামলায় তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘হাটহাজারী থানার হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।’

গত বছরের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন-কুয়াইশ সড়কে দুই যুবককে গুলি করা হয়। নিহতরা হলেন- মাসুদ কায়সার ও মো. আনিস। পুলিশের ভাষ্য অনুযায়ী, নগরীর অনন্যা আবাসিক এলাকায় নাহার কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে দুজন হেঁটে যাচ্ছিলেন। মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীর ছোঁড়া গুলিতে আনিস ঘটনাস্থলে মারা যান। কায়সার দৌঁড়ে কিছুদূর যাবার পর মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে ধরে গুলি করা হয়। আহত অবস্থায় কায়সারকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাসুদ কায়সারকে যেখানে গুলি করে খুন করা হয়েছে, সেটি নগরীর শেষপ্রান্ত পেরিয়ে হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা। এজন্য তার ভাই মো. আরিফ বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় ছোট সাজ্জাদসহ ছয়জনকে আসামি করা হয়। এতে পূর্বশত্রুতার জেরে তাকে খুনের কথা উল্লেখ করা হয়।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাজ্জাদের বেপরোয়া কর্মকাণ্ডে খোদ পুলিশে তোলপাড় শুরু হয়। গত ২৮ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে ন্যাংটো করে পেটানোর হুমকি দেন। এরপর ছোট সাজ্জাদকে গ্রেফতারে পুলিশ পুরস্কার ঘোষণা করে। গত ১৫ মার্চ তাকে ঢাকার বসুন্ধরা থেকে গ্রেফতার করা হয়।

কারাবন্দি থাকা অবস্থায় চট্টগ্রাম নগরীতে চাঞ্চল্যকর একটি জোড়া খুনের মামলায় আসামি হয়েছেন ছোট সাজ্জাদ। গত ৩০ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটর সাইকেলে থাকা সন্ত্রাসীরা প্রাইভেট তারকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। প্রাইভেট কারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় পৌঁছানের পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুই যুবক নিহত ও দুজন আহত হন। নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ।

এ ঘটনায় মানিকের মা ফিরোজা বেগম কারাগারে থাকা ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাসহ সাতজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনা অনুসারে আসামিরা গুলি করে মানিকসহ দুজনকে হত্যা করেছে।

ওই মামলায় সাজ্জাদকে তিন দফা রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

সারাবাংলা/আরডি/এমপি
বিজ্ঞাপন

আরো