Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, আগস্টে আক্রান্ত ৬৪৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৫

এডিস মশা। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। গত আগস্ট মাসে রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে সর্বোচ্চ ৬৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এ জেলায়। এরই মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় উদ্বেগ বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ২০ জন নারী ও চারজন শিশু। আগের ভর্তি রোগীদেরসহ বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।

এদিকে একই সময়ে হাসপাতালের বহির্বিভাগে আরও ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে একদিনে নতুন করে বিপুলসংখ্যক রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জেলায় ডেঙ্গুর প্রকোপ দেড় মাসেরও বেশি সময় ধরে চলছে। এর মধ্যে গত ১২ ঘণ্টার ব্যবধানে শিশুসহ দুজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে গত বছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে কি না এমন আশঙ্কা দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, ‘দেড় মাসের বেশি সময় ধরে জেলায় ডেঙ্গুর প্রকোপ চলছে। এরইমধ্যে হাসপাতালগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর