Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহচর যুবলীগ নেতা মামুন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২২:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:০৯

যুবলীগ নেতা মামুন শিকদার

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ট সহচর যুবলীগ নেতা মামুন শিকদার (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরেরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০-৫০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি মামুন শিকদার।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গ্রেফতার মামুন শিকদার নিক্সন চৌধুরীর ঘনিষ্ট হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজীতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। সে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্তপ্রাপ্ত আসামি। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো