Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাজারে এলো নতুন ৫ টাকার নোট

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২০:১২ | আপডেট: ১৯ মে ২০২৬ ২২:১৭

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে ছাড়া হয়েছে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট।

মঙ্গলবার (১৯ মে)অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার-এর সই করা নতুন নোটটি আজ থেকেই বাজারে ছাড়া হয়েছে। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংক–এর মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পর্যায়ক্রমে নোটটি সরবরাহ করা হবে।

নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার x ৬০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। নোটের সম্মুখভাগের বাঁ পাশে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। আর নোটের পেছন ভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোটটিতে বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এবং তার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’। পাশাপাশি রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রাখা হয়েছে।
এ ছাড়া নোটের বাঁ পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে প্রবিষ্ট রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দুই দিক থেকেই দেখা যায়। নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্ট হিসেবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দও মুদ্রিত হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন ডিজাইনের পাঁচ টাকার নোট চালুর পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতো বৈধ থাকবে।

এদিকে মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে। বিনিময় অযোগ্য এই নমুনা নোট নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে সংগ্রহ করা যাবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর