Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাতারে এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে আহত ৫৪

আর্ন্তজাতিক ডেস্ক
২২ জুন ২০২৬ ১৩:০২ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:০০

কাতারের রাস লাফান শিল্প শহর। ছবি: রয়টার্স

কাতারের রাস লাফান শিল্পনগরীতে অবস্থিত প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ১৮ জন।

রোববার (২১ জুন) দেশটির কর্তৃপক্ষের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

সোমবার (২২ জুন) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ মোতায়েন করা হয়েছে।

শিল্পকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় রাস লাফান শিল্প শহরে কার্যক্রম শুরুর সময় বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছিল এবং আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের কারণে এলএনজি স্থাপনা থেকে কোনো গ্যাস লিক হয়নি। জননিরাপত্তার ক্ষেত্রেও তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তবে তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ হয়েছে। এর আগে কর্মকর্তারা বলেছিলেন, ঘটনাস্থলে পৌঁছানো সিভিল ডিফেন্স দল প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পায়নি। পরে প্রকাশিত সরকারি তথ্যে আহত ও নিখোঁজের সংখ্যা উল্লেখ করা হয়।

কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে রাস লাফান শিল্পনগরী। এ জায়গাটি বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র। বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ শিল্পনগরী থেকেই উৎপাদিত হয়।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর