Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘তাণ্ডব’ সেটে হার্ট অ্যাটাকে স্টান্টম্যানের মৃত্যু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ মে ২০২৫ ১৬:২৩

স্টান্টম্যান মনির হোসেন

সিনেমাতে নায়ক বা নায়িকাদের দেখা যায় বিশাল উঁচু ভবন থেকে লাফ দিচ্ছেন। কাঁচের দরজা ভেঙে কোথাও ঢুকে পড়ছেন। কিংবা চলন্ত গাড়ি থেকে লাফ দিচ্ছেন। এসব দৃশ্যে বেশিরভাগ ক্ষেত্রে মূল অভিনয়শিল্পী অভিনয় করেন না। আড়ালের মূল নায়ক থাকেন স্টান্টম্যানেরা। সেরকমই একজন মনির হোসেন অভিনয় করছিলেন শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’-এ। সে সেটেই হার্ট অ্যাটাক হয় তার। কিন্তু সামন্য বুকে ব্যাথা ভেবে পাত্তা দেননি। বেশি অসুস্থ হয়ে পড়লে সবাই মিলে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণ তিনি চলে গেছেন না ফেরার দেশে।

দুঃখজনক এ ঘটনাটি ঘটেছে রাজশাহীতে শনিবার (৩ মে)। রবিবার (৪ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে গণমাধ্যমকে বিশ্বাস বলেন, ‘শনিবার রাত আনুমানিক ৮টার সময় আমাদের এখানে জরুরি বিভাগে মনির হোসেনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। যারা তাকে নিয়ে এসেছিলেন তাদের ধারণামতে, গাড়ির মধ্যেই মারা গিয়েছিলেন তিনি। তাদের কোনও অভিযোগ না থাকায় লাশ নিয়ে চলে গেছেন।’

বিজ্ঞাপন

সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘মনির দুপুরের দিকে শট দিয়েছিল। এরপর সবার সঙ্গে স্বাভাবিকভাবে গল্প করছিল। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখনই জানা যায় সে আর নেই।’

শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালেই মনির স্ট্রোক করেছিলেন। কিন্তু সে বিষয়টি কাউকে জানাননি। কারও সঙ্গে অসুস্থতা বা অস্বস্তির কথাও ভাগ করেননি তিনি। রাফী বলেন, ‘অল্প বয়সে এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।’

মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন।

নেপালী বলেন, ‘সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয়, বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে।’

রোববার (৪ মে) বাদ যোহর রাজধানীর গ্যান্ডারিয়া নিল এলাকায় নামাজে জানাজা শেষে মনির হোসেনকে জুরাইন করবস্থান দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান।

তিনি জানান, রবিবার সকালে মনিরের মরদেহ ঢাকায় আনা হয়। সে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছে। তার স্ত্রী প্রবাসী। মনিরের মৃত্যু নিয়ে তার পরিবারের কেউ কিছু বলেনি।

‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কোরবানির ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের।

সারাবাংলা/এজেডএস